উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের সম্মেলনে প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০২:২৪ পিএম
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের (ইউএইচএফপিও) নিয়ে আয়োজিত সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৮ এপ্রিল) সকাল ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। জানা গেছে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সঙ্গে এবারই প্রথম বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী।
মাঠ পর্যায়ে স্বাস্থ্যসেবা জনগণের কাছে পৌঁছে দিতে কর্মকর্তাদের কার্যক্রমকে যুগোপযোগী করা, সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত হওয়া এবং সরকারের নির্দেশনা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সম্মেলনে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাতচন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এবং স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।



