মধ্যপ্রাচ্যে সংঘাত পরিস্থিতির মধ্যে বাংলাদেশের জ্বালানি সরবরাহে স্বস্তি এনে চারটি ডিজেলবাহী ট্যাংকার চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা দিয়েছে। এসব জাহাজে মোট ১ লাখ ৪১ হাজার টন ডিজেল রয়েছে, যা দিয়ে দেশের প্রায় ১২ দিনের চাহিদা পূরণ করা সম্ভব হবে।
শুক্রবার (১৭ এপ্রিল) তিনটি জাহাজ— এমটি ওকট্রি, এমটি কেপ বনি ও এমটি লিয়ান সং হু— বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে। আরেকটি ট্যাংকার এমটি গোল্ডেন হরাইজন আগামী রোববার পৌঁছাবে বলে জানা গেছে।
প্রাইড শিপিং লাইনসের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম জানিয়েছেন, নির্ধারিত সময়সূচি অনুযায়ী এসব ট্যাংকার বন্দরে পৌঁছাবে এবং নির্দিষ্ট সময়ে খালাস শুরু হবে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, দেশে দৈনিক ডিজেলের চাহিদা প্রায় সাড়ে ১২ হাজার টন। নতুন আসা এ সরবরাহ দিয়ে আগামী ১২ দিনের চাহিদা মেটানো সম্ভব হবে।
জ্বালানি আমদানির এ উদ্যোগ বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।



