রাশিয়ার তেল কিনতে বাংলাদেশকে ৬০ দিনের অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১২:৪০ পিএম
জ্বালানি সংকট মোকাবিলায় রাশিয়া থেকে তেল আমদানির জন্য বাংলাদেশকে ৬০ দিনের অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে বাংলাদেশ সরকার এ বিষয়ে সম্মতি চেয়ে মার্কিন ট্রেজারি বিভাগে চিঠি দিয়েছিল।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ সম্প্রতি সবুজ সংকেত দিয়েছে। যদিও আমদানির প্রক্রিয়া এখনো শুরু হয়নি, তবে এ নিয়ে আলোচনা চলছে। কর্মকর্তাদের মতে, ১১ এপ্রিল থেকে কার্যকর হওয়া এই ছাড় ৯ জুন পর্যন্ত বহাল থাকবে। এর আগে গত ১২ মার্চ যুক্তরাষ্ট্র ৩০ দিনের ছাড় দিয়েছিল।
বাংলাদেশ সরকার তিন মাসের জন্য ছাড় চেয়েছিল। ওয়াশিংটনে বাংলাদেশি কূটনীতিকরা মার্কিন ট্রেজারি বিভাগের সঙ্গে বিষয়টি নিয়ে কাজ করে আসছিলেন। যুক্তরাষ্ট্র রাশিয়ার কিছু তেল কোম্পানির নামও দিয়েছে, যাদের সঙ্গে সমন্বয় করে বাংলাদেশ তেল আমদানি করতে পারবে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, রাশিয়া থেকে এমন ধরনের অপরিশোধিত তেল আমদানি করতে হবে যা ইস্টার্ন রিফাইনারিতে প্রক্রিয়াজাত করা সম্ভব। অন্যথায় তেলটি তৃতীয় কোনো দেশে প্রক্রিয়াজাত করতে হবে। বর্তমানে ইস্টার্ন রিফাইনারি সৌদি আরব ও কুয়েত থেকে আমদানি করা অপরিশোধিত তেল ব্যবহার করে থাকে। রাশিয়া থেকে আমদানির ক্ষেত্রে বিশেষ ধরনের হালকা ক্রুড তেল প্রয়োজন হবে।
এই ছাড়কে জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে।



