এপ্রিল ও মে মাসের জন্য পর্যাপ্ত জ্বালানি মজুদ রয়েছে: প্রতিমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১২:৩৪ পিএম
দেশে এপ্রিল ও মে মাসের জন্য পর্যাপ্ত জ্বালানি মজুদ রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শুক্রবার (১৭ এপ্রিল) চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, জুন মাসের চাহিদা মাথায় রেখে জ্বালানির পর্যাপ্ত মজুদ নিশ্চিত করার কাজ চলছে। সরকার ধারাবাহিকভাবে জ্বালানি চাহিদা পূরণে কাজ করছে।
প্রতিমন্ত্রী দাবি করেন, বাংলাদেশের ইতিহাসে বর্তমানে সর্বোচ্চ জ্বালানি মজুদ রয়েছে। তিনি জানান, সরকার বিকল্প উৎস থেকে পরিশোধিত ও অপরিশোধিত জ্বালানি আমদানির চেষ্টা করছে। মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ থেকে ইস্টার্ন রিফাইনারির জন্য অপরিশোধিত জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, কৃষি ও শিল্প খাতকে অগ্রাধিকার দিয়ে বিদ্যুৎ ব্যবস্থাপনা করা হচ্ছে, যাতে উৎপাদন ও অর্থনৈতিক কার্যক্রমে কোনো বিঘ্ন না ঘটে।



