সরাইলের হাসপাতাল নিজেই একটা রোগীর মতো: রুমিন ফারহানা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০১:২৪ পিএম
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, তার নিজ নির্বাচনী এলাকার সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি নিজেই যেন একটি রোগীর মতো অবস্থায় রয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে সংসদে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
রুমিন ফারহানা জানান, সরাইল উপজেলার নয়টি ইউনিয়নের প্রায় সাড়ে তিন লাখ মানুষের জন্য মাত্র ৫০ শয্যার একটি হাসপাতাল রয়েছে। কিন্তু সেখানে চিকিৎসক, কর্মচারী, প্রয়োজনীয় ওষুধ ও আধুনিক যন্ত্রপাতির মারাত্মক সংকট বিদ্যমান।
তিনি আরও বলেন, হাসপাতালের জন্য ১০ কোটি টাকা ব্যয়ে একটি নতুন ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছিল। তবে ৫ আগস্টের পর ঠিকাদার কাজ ছেড়ে চলে যাওয়ায় এখন পুরনো দোতলা ভবনেই কার্যক্রম চলছে। বর্তমানে হাসপাতালের ৬৪টি পদ শূন্য রয়েছে।
এমপি রুমিন ফারহানা হাসপাতালের এই বেহাল অবস্থার প্রতি সংসদের দৃষ্টি আকর্ষণ করেন এবং দ্রুত সমাধানের দাবি জানান।



