টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ পিএম
খ্যাতনামা মার্কিন সাময়িকী টাইম-এ প্রকাশিত বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৫ এপ্রিল) ২০২৬ সালের এ তালিকা প্রকাশ করে টাইম। তারেক রহমানকে নিয়ে ম্যাগাজিনে একটি মুখবন্ধ লিখেছেন টাইমের সিঙ্গাপুর ব্যুরো অফিসের সম্পাদক ও ভূ-রাজনীতি বিশেষজ্ঞ চার্লি ক্যাম্পবেল।
মুখবন্ধে বলা হয়, কয়েক মাস আগেও দক্ষিণ-পশ্চিম লন্ডনে নির্বাসিত জীবন কাটাচ্ছিলেন তারেক রহমান। কিন্তু ২০২৪ সালে শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুতির পর দেশের রাজনীতিতে বড় পরিবর্তন আসে। এই প্রেক্ষাপটে ৫৭ বছর বয়সী রহমান বিরোধী আন্দোলনের একজন নেতা থেকে জাতীয় নেতৃত্বের কেন্দ্রে উঠে আসেন।
গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে বিপুল জয়ের মাধ্যমে ১৭ বছর পর দেশে ফিরে নিজের রাজনৈতিক অবস্থান দৃঢ় করেন তিনি। এই বিজয়ের মধ্য দিয়ে তিনি তার মা খালেদা জিয়ার পথ অনুসরণ করেন, যিনি ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তবে ঢাকায় ফেরার মাত্র পাঁচ দিনের মাথায় মায়ের মৃত্যু তাঁর জন্য গভীর শোক বয়ে আনে।
জানুয়ারিতে টাইম-কে দেয়া সাক্ষাৎকারে রহমান জানান, তিনি তার ব্যক্তিগত শোককে শক্তিতে রূপান্তর করে দেশকে ঐক্যবদ্ধ করতে চান। ১৭ কোটির বেশি মানুষের এই দেশ বর্তমানে উচ্চ মুদ্রাস্ফীতি, যুব বেকারত্ব এবং ভারতের সঙ্গে অবনতিশীল সম্পর্কসহ নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে। এসব সমস্যার দ্রুত সমাধান প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
অতীতে তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ, (যদিও আদালতে খারিজ হয়েছে) তবুও তার নেতৃত্বের শুরুতে কিছুটা চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে দীর্ঘ নির্বাসনের পর তিনি আর সময় নষ্ট করতে রাজি নন।
তারেক রহমান বলেন, আমাদের একসঙ্গে কাজ করতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, যাতে মানুষ তাদের রাজনৈতিক অধিকার পেতে পারে।



