সাবেক আইনমন্ত্রী ব্যারিষ্টার শফিক আহমেদের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) কেন্দ্রীয় শহিদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে বিকেল ৫টায় রাজধানীর আজিমপুর কবরস্থানে তার জীবনসঙ্গী মাহফুজা খানমের পাশে তাকে দাফন করা হয়।
এর আগে বেলা দুইটায় সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে শফিক আহমেদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এতে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনসহ আইনজীবী, কর্মকর্তা-কর্মচারী, পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন।
এর আগে রাজধানীর তেজগাঁওয়ের ইন্দিরা রোড খেলার মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ১১টার দিকে এ জানাজায় পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন।
রাজধানীর বাংলাদেশ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে শফিক আহমেদের মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।



