বিশ্বজুড়ে বড় শহরগুলোতে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। এর মারাত্মক প্রভাবের মধ্যে দীর্ঘদিন ধরেই রয়েছে মেগাসিটি ঢাকা।
সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার-এর তথ্য অনুযায়ী, ১৪৪ একিউআই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় অষ্টম স্থানে অবস্থান করছে ঢাকা।
এই মাত্রার বায়ুদূষণ বিশেষ করে শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্টজনিত সমস্যায় ভোগা মানুষের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। বিশেষজ্ঞরা বলছেন, শিল্পকারখানার ধোঁয়া, যানবাহনের নির্গমন এবং অপরিকল্পিত নগরায়নের কারণে বিশ্বজুড়ে বায়ুদূষণ দ্রুত বাড়ছে।
বৈশ্বিক তালিকায় সবচেয়ে দূষিত শহর হিসেবে শীর্ষে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই (একিউআই ১৯৮)। দ্বিতীয় অবস্থানে পাকিস্তানের লাহোর (১৮৫), তৃতীয় সেনেগালের রাজধানী ডাকার (১৭৩), চতুর্থ ভারতের দিল্লি (১৬৭) এবং পঞ্চম ইন্দোনেশিয়ার জাকার্তা (১৫৮)।
বায়ুমানের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর ০-৫০ হলে তা ‘ভালো’, ১০১-১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ক্ষতিকর, ১৫১-২০০ হলে ‘অস্বাস্থ্যকর’, ২০১-৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০০-এর বেশি হলে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে ধরা হয়।
বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, বায়ুদূষণ বেশি থাকলে শিশু ও বয়স্কদের ঘরে থাকা উচিত এবং অপ্রয়োজনীয় বাইরে যাওয়া এড়িয়ে চলা প্রয়োজন। তারা সতর্ক করেছেন, কার্যকর ও টেকসই উদ্যোগ না নিলে ঢাকার মতো ঘনবসতিপূর্ণ শহরে জনস্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব আরও বাড়তে পারে।
এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে নদী দখল ও পরিবেশ দূষণের কারণে সামগ্রিক ইকো-সিস্টেম হুমকির মুখে পড়ছে, যা বায়ুর মানকেও পরোক্ষভাবে প্রভাবিত করছে।



