এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ১১:০৫ এএম
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতা প্রদানের প্রস্তাব পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। সোমবার (৬ এপ্রিল) এ সংক্রান্ত প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ের বাজেট শাখায় পাঠানো হয়।
মাউশির এক কর্মকর্তা জানিয়েছেন, মোট ৩ লাখ ৯০ হাজার ২৩৯ জন শিক্ষক-কর্মচারীর বৈশাখী ভাতার প্রস্তাব পাঠানো হয়েছে। এর মধ্যে স্কুলের ৩ লাখ ২ হাজার ৬৯৩ জন এবং কলেজের ৮৭ হাজার ৫৪৬ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।
প্রচলিত নিয়ম অনুযায়ী, প্রতি মাসে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরা অনলাইনে বেতন-ভাতার চাহিদাপত্র পাঠান। পরে মাউশি তা যাচাই-বাছাই করে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অর্থ ছাড় করে। বৈশাখী ভাতার ক্ষেত্রেও একই প্রক্রিয়া অনুসরণ করা হবে।
শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, এই প্রস্তাব অনুমোদিত হলে দীর্ঘদিনের একটি দাবি পূরণ হবে এবং উৎসবের আমেজে বাড়তি মাত্রা যোগ হবে।
উল্লেখ্য, সরকারি কর্মচারীরা আগে থেকেই বৈশাখী ভাতা পেয়ে আসছেন। তবে এমপিওভুক্ত শিক্ষকরা এতদিন এর বাইরে ছিলেন। এবারই প্রথম তারা এই আর্থিক সুবিধা পাওয়ার অপেক্ষায় রয়েছেন।



