প্রাথমিক শিক্ষার্থীদের বিনা মূল্যে স্কুল ড্রেস দেবে সরকার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ পিএম
ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে জানিয়েছেন, দেশের প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিক্ষার্থীকে বিনা মূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে।
বুধবার (১ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনের প্রশ্নোত্তরপর্বে তিনি এ তথ্য জানান। এটি তার প্রথমবারের মতো সংসদে প্রশ্নোত্তরপর্বে অংশগ্রহণ।
প্রধানমন্ত্রী বলেন, “যারা ভোট দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা, আর যারা দেননি তাদের জন্য কাজ করাও আমার দায়িত্ব। ইশতেহার অনুযায়ী সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে।”
তিনি জানান, শিক্ষা খাতের উন্নয়নে আগামী ১৮০ দিন, আগামী অর্থবছর এবং পরবর্তী পাঁচ বছরের জন্য কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিশুকে বিনা মূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে।
এছাড়া কারিগরি ও ভাষা দক্ষতা উন্নয়নের উদ্যোগ হিসেবে আগামী ১৮০ দিনের মধ্যে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ৯ হাজার শিক্ষককে ট্যাব দেওয়া হবে। পাশাপাশি ৩ হাজার ৮৩২টি মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন এবং ১৭২ জন শিক্ষার্থীকে ইতালিয়ান ও জাপানি ভাষা শেখানোর পরিকল্পনা রয়েছে।
প্রধানমন্ত্রী আরও জানান, ২০২৬ সালের জুনের মধ্যে ৪১৮টি কারিগরি ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে বিনা মূল্যে ওয়াই-ফাই সেবা চালুর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।



