১ কোটি টাকা নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে সরকারকে লিগ্যাল নোটিশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০৫:০৬ পিএম
ছবি : সংগৃহীত
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে প্রাণহানির ঘটনায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের দাবিতে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নিহত প্রত্যেকের পরিবারকে ন্যূনতম ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ এবং আহতদের উন্নত চিকিৎসা ও পুনর্বাসনের দাবি জানানো হয়েছে।
বুধবার (২৫ মার্চ) সুপ্রিম কোর্টের তিন আইনজীবী—অ্যাডভোকেট নেওয়াজুল আসিফ সাদ, ব্যারিস্টার রাফি জি রহমান ও অ্যাডভোকেট জায়েদ বিন নাসের—যৌথভাবে জনস্বার্থে এই নোটিশ পাঠান।
নোটিশে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, নৌপরিবহনমন্ত্রী, সেতু বিভাগের প্রতিমন্ত্রী, সেতু বিভাগের সচিব এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে। আইনজীবীরা উল্লেখ করেছেন, দুর্ঘটনাটি আপাতদৃষ্টিতে দুর্ঘটনা মনে হলেও ফেরিঘাট ব্যবস্থাপনা ও পরিবহন কর্তৃপক্ষের অবহেলা ছিল কি না তা নিরপেক্ষ তদন্তে খতিয়ে দেখা জরুরি।
নোটিশে আহতদের তাৎক্ষণিক চিকিৎসা নিশ্চিত করা, কর্মক্ষমতা হারানো ব্যক্তিদের পুনর্বাসন এবং সাত কর্মদিবসের মধ্যে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে প্রতিবেদন প্রকাশের দাবি জানানো হয়েছে। অন্যথায় জনস্বার্থে উচ্চ আদালতে রিটসহ আইনানুগ ব্যবস্থা নেওয়ার সতর্কতা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, বুধবার বিকেল সোয়া ৫টার দিকে ‘সৌহার্দ্য’ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।



