ঢাকাসহ ছয় বিভাগে বৃষ্টির সম্ভাবনা, বাড়বে তাপমাত্রা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ০২:২১ পিএম
ছবি : সংগৃহীত
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ বুধবার (২৫ মার্চ) ঢাকাসহ দেশের ছয় বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়তে পারে। তবে সপ্তাহের শেষ দিকে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়বে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময়ে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বৃহস্পতিবার খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। শুক্রবার রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার রংপুর, ময়মনসিংহ ও সিলেটের কিছু এলাকায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
রোববার ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশালের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। আগামী পাঁচদিনে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।



