ঢাকার যানজট নিরসনে আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনার উদ্যোগ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ১২:২৯ এএম
ছবি : সংগৃহীত
ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে বড় উদ্যোগ নিয়েছে সরকার। মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত বিশেষ সভায় এ সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সভায় রাজধানীর যানজট কমাতে স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে—
- ঢাকার ১২০টি ট্রাফিক সিগন্যাল অটোমেশন করা
- শহরের চারপাশে নতুন বাইপাস সড়ক নির্মাণ
- ভেতরে ওভারপাস ও আন্ডারপাস তৈরি
- যত্রতত্র বাস কাউন্টার অপসারণ
- আন্তঃজেলা বাস টার্মিনাল শহরের বাইরে স্থানান্তর
- রাস্তা দখলমুক্ত করা ও বিদ্যুতের খুঁটি সরানো
- রেলক্রসিংয়ে অটো সিগন্যাল লাইটিং চালু করা
- সিটি বাসে জিপিএস সিস্টেম চালু করা
এছাড়া ফুটওভার ব্রিজে চলন্ত সিঁড়ি ও হাসপাতাল এলাকায় দেশীয় প্রযুক্তির লিফট স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী ৭ এপ্রিলের মধ্যে অধিকাংশ স্বল্পমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের আশা প্রকাশ করেছেন দুই সিটি করপোরেশনের প্রশাসকরা।
সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, শ্রমিক নেতা শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি, দুই সিটি করপোরেশনের প্রশাসকসহ রাজউক, বিআরটিসি ও পুলিশের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম বলেন, “স্বল্পমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করলে এপ্রিলের শেষ নাগাদ যানজট অনেকটা কমে আসবে। দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন হলে ট্রাফিক ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আসবে।”



