দেশে পেট্রোল পাম্প বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই: সাজ্জাদুল কবির
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ মার্চ ২০২৬, ০৪:০৯ পিএম
ছবি : সংগৃহীত
দেশে পেট্রোল পাম্প বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই, তবে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় ভোগান্তিতে পড়ছেন গ্রাহকরা। প্রাপ্তি সাপেক্ষে তেল দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সাজ্জাদুল কবির।
সোমবার (২৩ মার্চ) তিনি গণমাধ্যমকে জানান, ঈদের ছুটিতে ব্যাংক বন্ধ থাকায় পে-অর্ডার করা সম্ভব হচ্ছে না। ফলে ডিপো থেকে নতুন করে তেল তুলতে পারছেন না পাম্প মালিকরা, যার কারণে সরবরাহ ব্যাহত হচ্ছে।
এর আগে রোববার রাতে এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, সারা দেশের পেট্রোল পাম্পগুলোতে কোম্পানি থেকে পাওয়া দৈনিক তেল দিয়ে ক্রেতাদের চাহিদা পূরণ করা যাচ্ছে না। মোটরসাইকেল ব্যবহারকারীরা ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে তেল নিচ্ছেন। দীর্ঘ সময় দায়িত্ব পালনে কর্মরতরা শারীরিক ও মানসিকভাবে চাপে পড়ছেন।
সংগঠনটির দাবি, ঈদের আগের দিন একটি জেলা শহরের পাম্পে ১০ হাজার ৫০০ লিটার পেট্রোল ও একই পরিমাণ অকটেন মজুত ছিল। আরেকটি পাম্পে ছিল প্রায় ৮ হাজার লিটার জ্বালানি। স্বাভাবিকভাবে কয়েক দিন চলার কথা থাকলেও অতিরিক্ত চাপ ও বিশৃঙ্খলার কারণে অল্প সময়েই তা শেষ হয়ে যায়।
এছাড়া গভীর রাতে সংঘবদ্ধভাবে পাম্পে মব সৃষ্টি করে জোরপূর্বক তেল নেওয়ার ঘটনাও ঘটেছে। ঠাকুরগাঁওয়ের একটি ঘটনায় সরবরাহ চলাকালীন লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে সব শেষ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। সংগঠনটির দাবি, পাম্প মালিকরা ন্যূনতম নিরাপত্তাহীনতায় ভুগছেন।



