নীলসাগর দুর্ঘটনায় ঈদযাত্রায় ভোগান্তি, রেলস্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড়
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ১২:২৪ পিএম
ছবি : সংগৃহীত
ঈদ সামনে রেখে দেশের প্রধান রেলওয়ে স্টেশনগুলোতে যাত্রীদের ভিড় বেড়েছে। বুধবার দুপুর পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের দুর্ঘটনার কারণে ওই রুটের যাত্রীরা বড় ধরনের ভোগান্তিতে পড়েছেন। এর প্রভাব পড়েছে রাজধানীর ঢাকা রেলওয়ে স্টেশনেও, যেখানে হাজারো মানুষ ট্রেনের অপেক্ষায় সময় কাটাচ্ছেন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে ঢাকা রেলওয়ে স্টেশনে দেখা যায়, প্লাটফর্মজুড়ে যাত্রীদের উপচে পড়া ভিড়। কেউ দাঁড়িয়ে, কেউ বেঞ্চে বসে আবার কেউ ব্যাগে ভর দিয়ে অপেক্ষা করছেন। অনেকেই সময় কাটাচ্ছেন আড্ডায়, আবার কেউ অনিশ্চয়তায় দুশ্চিন্তায় সময় গুনছেন।
অপেক্ষমাণ যাত্রীদের মধ্যে অনেকে বিলম্বিত ট্রেনের যাত্রী, আবার কেউ নির্ধারিত সময়ের অনেক আগেই এসে অবস্থান নিয়েছেন প্লাটফর্মে। ফলে সময়ের সঙ্গে সঙ্গে ভিড় আরও বাড়ছে।
নীলসাগর এক্সপ্রেস ও একতা এক্সপ্রেসের যাত্রীদের ভিড় সবচেয়ে বেশি হলেও অন্যান্য ট্রেনের যাত্রীও কম নয়। অগ্নিবীণা এক্সপ্রেসের যাত্রী জাহিদুল ইসলাম বলেন, “আমাদের ট্রেন সাড়ে এগারটায় ছাড়ার কথা। কিন্তু এসে দেখি অসংখ্য মানুষ। শুনলাম নীলসাগর ও একতা এক্সপ্রেস দেরি করছে, তাই ভিড় আরও বেড়েছে।”
একতা এক্সপ্রেসের যাত্রী ফরিদুর রহমান জানান, সকাল ১০টা ১০ মিনিটে ট্রেন ছাড়ার কথা থাকলেও এখন বলা হচ্ছে বিকেলে যাবে। দীর্ঘ সময় স্টেশনে থেকে ভোগান্তি পোহাতে হচ্ছে।
এদিকে প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা অগ্নিবীণা এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন ছাদে যাত্রী নিয়ে ঢাকা ছেড়ে গেছে, যা যাত্রীদের ঝুঁকি আরও বাড়িয়েছে।



