এ বছরেই স্থানীয় সরকার নির্বাচন ও বিএনপির সম্মেলন: মির্জা ফখরুল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ১০:৩২ পিএম
ছবি : সংগৃহীত
চলতি বছরেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি জানিয়েছেন, এ বছরের মধ্যেই বিএনপির সম্মেলনও অনুষ্ঠিত হবে।
বুধবার (১৮ মার্চ) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। দায়িত্ব নেওয়ার পর এটিই ছিল তার প্রথম মতবিনিময় সভা।
মন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কাজ চলছে এবং এ বছরেই নির্বাচন অনুষ্ঠিত হবে। যত দ্রুত সম্ভব এ নির্বাচন আয়োজন করা হবে। বিএনপির সম্মেলন প্রসঙ্গে তিনি বলেন, “এ বছরের মধ্যেই সম্মেলন হবে। সময় এখনো নির্ধারণ হয়নি, তবে শিগগিরই কাউন্সিল অনুষ্ঠিত হবে।” উল্লেখ্য, বিএনপির সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০১৬ সালে।
দল ও সরকারের কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, সরকার তার কাজ করছে, দলও কাজ করছে। অনেক নেতাকর্মী সরকারে চলে যাওয়ায় কিছুটা সময় লাগছে, তবে এটিকে বিচ্ছিন্নভাবে দেখা যাবে না।
মধ্যপ্রাচ্যের সংঘাত প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ে। এবার ইরান যুদ্ধের কারণে বিশ্বে তেলের দাম বেড়েছে। তবে দক্ষতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করায় দেশে তেলের দাম বাড়েনি। পাশাপাশি গার্মেন্টস কারখানায় বেতন-ভাতা নিয়ে কোনো সমস্যা হয়নি, কারণ আগাম ব্যবস্থা নেওয়া হয়েছিল।
সংবিধান সংস্কার পরিষদ প্রসঙ্গে তিনি বলেন, জুলাই সনদের বিষয়ে বিএনপি শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ। যেসব বিষয়ে একমত হয়েছে, সেগুলোতে অটল থাকবে দল। তবে চাপিয়ে দেওয়া বিষয়গুলো মেনে নেওয়া সবসময় সম্ভব নয়।



