গাজীপুরে ২০ কিলোমিটার তীব্র যানজট, দুর্ভোগে ঘরমুখো মানুষ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০৮:৫১ পিএম
ছবি : সংগৃহীত
ঈদে ঘরমুখো মানুষের ঢল ও যানবাহনের তীব্র চাপের মধ্যে বাগড়া দিয়েছে বৃষ্টি। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়ে হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন।
বুধবার (১৮ মার্চ) দুপুরের পর শুরু হওয়া যানজট বিকেলের বৃষ্টিতে আরও তীব্র আকার ধারণ করে। হাইওয়ে পুলিশ জানায়, সকালে চন্দ্রা বাস টার্মিনালসংলগ্ন প্রায় ১২ কিলোমিটার এলাকায় যানজট তৈরি হয়েছিল। বিকেলে বৃষ্টির কারণে যানবাহনের গতি কমে গিয়ে সন্ধ্যায় চন্দ্রা ত্রিমোড়কে কেন্দ্র করে প্রায় ২০ কিলোমিটার এলাকায় যানজট দেখা দেয়।
সরেজমিনে দেখা যায়, কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত এবং চন্দ্রা-নবীনগর সড়কের জিরানি এলাকা পর্যন্ত দীর্ঘ যানবাহনের সারি। কোথাও কোথাও ৫ কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগছে দুই থেকে আড়াই ঘণ্টা। অনেক যাত্রী গাড়ি ছেড়ে হেঁটে কিংবা অটোরিকশা ও হিউম্যান হলারে গন্তব্যের দিকে রওনা হয়েছেন।
যাত্রীদের অভিযোগ, বৃষ্টিতে ভিজে দুর্ভোগ আরও বেড়েছে। কেউ কেউ ছোট শিশু নিয়ে বিপাকে পড়েছেন। খোলা ট্রাক ও পিকআপে থাকা যাত্রীরা সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন।
কারখানা ও শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার গাজীপুরে প্রায় দুই হাজার শিল্পকারখানা ছুটি দিয়েছে। দুপুরে একসঙ্গে বিপুলসংখ্যক শ্রমিক মহাসড়কে নেমে পড়ায় যাত্রী চাপ কয়েকগুণ বেড়ে যায়। এর ওপর বৃষ্টির কারণে সড়কে পানি জমে এবং কোথাও কোথাও গাড়ি বিকল হয়ে যানজট আরও দীর্ঘ হয়।
কোনাবাড়ী নাওজোর হাইওয়ে থানার ওসি সওগাতুল আলম বলেন, যাত্রীর তুলনায় পরিবহন কম থাকায় চাপ বেড়েছে। বৃষ্টির কারণে যানবাহন ধীরগতিতে চলছে। পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে।



