ছবি : সংগৃহীত
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ মার্চ (শুক্রবার) অথবা ২১ মার্চ (শনিবার) দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। এ দুই দিন দেশের বিভিন্ন অঞ্চলে হালকা বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (১৮ মার্চ) দেওয়া এক বার্তায় অধিদপ্তর জানায়, আগামী পাঁচ দিনের পূর্বাভাস অনুযায়ী ২০ মার্চ রংপুর, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং বরিশাল ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
২১ মার্চও প্রায় একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। ওই দিন ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, এ সময় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।



