আইজিপির বাসভবনে চুরির খবর ভিত্তিহীন: পুলিশ সদর দফতর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০৪:১০ পিএম
ছবি : সংগৃহীত
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বাগেরহাটের বাসভবনে চুরির খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে পুলিশ সদর দফতর। প্রকৃতপক্ষে ঝড়-বৃষ্টিতে ছিঁড়ে পড়ে থাকা বাইরের সার্ভিস লাইনের তার অজ্ঞাত ব্যক্তিরা নিয়ে যায়, যা পরে উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) বাগেরহাট জেলা পুলিশের বরাত দিয়ে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (১৭ মার্চ) কিছু গণমাধ্যমে আইজিপির বাসভবনে চুরির ঘটনা ঘটেছে বলে সংবাদ প্রকাশিত হয়। তবে যাচাই-বাছাই ছাড়া প্রচারিত এ তথ্য জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে।
পুলিশ সদর দফতর জানায়, সোমবার (১৬ মার্চ) রাত ১১টার দিকে ঝড়-বৃষ্টির কারণে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হলে বাসার বাইরের ওয়াল সংলগ্ন সার্ভিস লাইনের তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়। পরে অজ্ঞাত ব্যক্তিরা ওই তার নিয়ে যায়।
ঘটনার পর থানা পুলিশ অভিযান চালিয়ে খোয়া যাওয়া তার উদ্ধার করে এবং এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন— মো. রবিউল ইসলাম (২৮), আব্দুর কাদের (২৪) ও মো. চঞ্চল শেখ (৩৮)।



