বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটি সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৪:৫২ পিএম
বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন (বিসিভিওএ)-এর ২০২৫–২০২৬ ও ২০২৬–২০২৭ কার্যকালের দ্বি-বার্ষিক নির্বাচন গত ০৮ মার্চ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। নির্বাচনে সম্মানিত ভোটারদের ব্যাপক ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায় এবং প্রায় ৭০ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন, যা সংগঠনের প্রতি সদস্যদের আস্থা ও সম্পৃক্ততার প্রতিফলন।
নির্বাচন বোর্ড কর্তৃক যাচাই-বাছাই শেষে গত ১৫ মার্চ নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল অনুযায়ী গাজী বেলায়েত হোসেন মিঠু ও খুরশিদ আলম ঐক্য পরিষদ প্যানেল থেকে ২৪ জন এবং প্রতিদ্বন্দ্বী প্যানেল থেকে ১ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত কমিটি ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে এবং ১৬ মার্চ থেকে এক দোয়া মাহফিলের মাধ্যমে সংগঠনের কার্যক্রম পরিচালনা শুরু করেছে।
নবনির্বাচিত কমিটির সভাপতি গাজী বেলায়েত হোসেন মিঠু এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ খুরশিদ আলম-এর নেতৃত্বে নতুন কমিটি সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে কাজ করবে।
বিশেষ করে চট্টগ্রাম, মংলা ও পায়রা—এই তিনটি সমুদ্রবন্দর থেকে লাইটারিং জাহাজের মাধ্যমে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্য পরিবহনের ক্ষেত্রে যে সকল সমস্যা ও প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলো সমাধানে নবনির্বাচিত কমিটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কার্যকর ভূমিকা রাখবে।
বাংলাদেশের সাধারণ জাহাজ মালিকদের প্রত্যাশা, নবনির্বাচিত এই কমিটি তাদের ন্যায্য দাবি ও প্রত্যাশা পূরণে সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবে এবং একই সঙ্গে দেশের নৌ-পরিবহন খাতকে আরও গতিশীল করে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।



