দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ১২:৪৯ পিএম
ছবি : সংগৃহীত
পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বিএনপির ইশতেহারে ঘোষিত অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (১৬ মার্চ) দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরে সাহাপাড়া খাল খননের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। একইসঙ্গে ভার্চুয়ালি দেশের ৫৪ জেলার খাল খনন কার্যক্রমেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
এর আগে সকাল ১০টার দিকে তিনি নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান। সেখানে স্থানীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে বিশেষ বুলেটপ্রুফ বাসে করে তিনি দিনাজপুরের উদ্দেশে রওনা হন।
দিনাজপুরে উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শহরের ফরিদপুর গোরস্তানে যান। সেখানে তিনি নানা মরহুম মো. ইস্কান্দার মজুমদার, নানি মরহুমা তৈয়বা মজুমদার এবং খালা খুরশীদ জাহান হকসহ নিকট আত্মীয়দের কবর জিয়ারত করেন।
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। কর্মসূচি শেষে রাত সাড়ে ৯টার দিকে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।



