ঈদে রাজধানীর নিরাপত্তায় বিশেষ পরিকল্পনা নিল ডিএমপি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৩:৪২ পিএম
ছবি : সংগৃহীত
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার (১৫ মার্চ) সকালে মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার এ তথ্য জানান।
তিনি বলেন, ঈদে রাজধানীর চারটি বাস টার্মিনাল, একটি লঞ্চ টার্মিনাল ও রেলস্টেশন এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যাত্রীদের নিরাপত্তায় ইউনিফর্ম পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশও দায়িত্ব পালন করবে। অতিরিক্ত ভাড়া আদায়, টিকিট কালোবাজারি ও যাত্রী হয়রানি বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।
ডিএমপি কমিশনার জানান, রাজধানীর আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ছিনতাইকারী, মাদক কারবারি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। ঈদের সময় রাজধানী ফাঁকা হয়ে গেলে অপরাধীরা যাতে সক্রিয় হতে না পারে, সেজন্য টহল কার্যক্রম জোরদার করা হয়েছে এবং অতিরিক্ত চেকপোস্ট বসানো হবে। আবাসিক, বাণিজ্যিক ও কূটনৈতিক এলাকায় বিশেষ নজরদারি থাকবে।
আইনশৃঙ্খলা রক্ষায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন, ডগ স্কোয়াড, সোয়াট টিম, বোম ডিসপোজাল ইউনিট এবং মাউন্টেড পুলিশ মোতায়েন থাকবে। যাদের আত্মীয়-স্বজন নেই তারা চাইলে থানায় স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিরাপদে রাখতে পারবেন বলেও জানান তিনি।
নগরবাসীকে বাড়ি ছাড়ার আগে দরজা-জানালা ভালোভাবে বন্ধ করা, সিসি ক্যামেরা সচল রাখা এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান ডিএমপি কমিশনার। যাত্রীদের অপরিচিত কারও দেওয়া খাবার গ্রহণ না করা, নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র নিজ হেফাজতে রাখার পরামর্শ দেন তিনি। প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
তিনি আরও জানান, ঈদের আগে ও পরে তিনদিন বিশেষ পণ্যবাহী যান ছাড়া ট্রাক, লরি ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে। ঢাকার প্রবেশ ও বের হওয়ার প্রধান সড়কগুলোতে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হবে, যাতে যাত্রীদের যাতায়াতে কোনো বিঘ্ন না ঘটে।



