গণপরিবহণে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত হবে ১৫ মার্চ থেকে: সড়ক পরিবহণমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০৫:৫৭ এএম
ছবি : সংগৃহীত
সড়ক পরিবহণ ও সেতু, রেলপথ এবং নৌপরিবহণমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, আগামী ১৫ মার্চ থেকে গণপরিবহণে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে। শুক্রবার (১৩ মার্চ) ঈদ উপলক্ষ্যে ট্রেনযাত্রা শুরুর প্রথম দিনে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, জ্বালানি সংকটের অজুহাতে গণপরিবহণে ভাড়া বাড়ার কোনো আশঙ্কা নেই। কারণ আপাতত তেলের দাম বাড়ানো হবে না। এ বিষয়ে জ্বালানিমন্ত্রীও আশ্বস্ত করেছেন।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী রেল যোগাযোগকে যুগোপযোগী ও জনবান্ধব করতে নির্দেশ দিয়েছেন। সেই লক্ষ্যেই সরকার রেল ব্যবস্থায় আমূল পরিবর্তনের কাজ করছে, যাতে মানুষ স্বল্প সময়ে আরামদায়কভাবে দীর্ঘ দূরত্বে যাতায়াত করতে পারেন।
রবিউল আলম বলেন, ঈদ উপলক্ষ্যে মাত্র কয়েক দিনের মধ্যে প্রায় দেড় কোটি মানুষ ঢাকা ছাড়বেন। এত স্বল্প সময়ে এত মানুষের যাতায়াত বড় চ্যালেঞ্জ হলেও সরকার সর্বোচ্চ চেষ্টা করছে তা মোকাবিলা করতে। এজন্য নতুন কোচ, বাস ও নৌযান যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
তিনি জানান, বড় কোনো শিডিউল বিপর্যয় এড়াতে অন্তত ৮৫ থেকে ৮৭টি লোকোমোটিভ প্রয়োজন। বর্তমানে ৭৮টি লোকোমোটিভ যুক্ত করা হয়েছে এবং আগামী দুই দিনের মধ্যে আরও কয়েকটি যুক্ত হলে পরিস্থিতি আরও স্বাভাবিক হবে।
ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে রেলওয়ে পুলিশ ছাড়াও নিয়মিত পুলিশ, হাইওয়ে পুলিশ, নৌপুলিশ ও বিভিন্ন জেলার আইনশৃঙ্খলা বাহিনী একযোগে কাজ করছে। পাশাপাশি আনসার সদস্য ও বিশেষ জ্যাকেট পরিহিত স্বেচ্ছাসেবকও দায়িত্ব পালন করবেন।



