জ্বালানি ও বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: প্রতিমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০২:৪৫ পিএম
ছবি : সংগৃহীত
আপাতত জ্বালানি ও বিদ্যুতের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে তেলসহ সমসাময়িক বিষয়ে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, দেশে অকটেন ও পেট্রোলের কার্যত কোনো সংকট নেই। পেট্রোল সম্পূর্ণভাবে দেশে উৎপাদন ও পরিশোধন করা হয়, আর অকটেনের বেশিরভাগই দেশেই পাওয়া যায়। কিছু অকটেন আমদানি করতে হলেও মূলত ডিজেল ও ফার্নেস অয়েলের জন্য আমদানির ওপর নির্ভর করতে হয়। তিনি বলেন, পাম্পে মোটরবাইক ও ব্যক্তিগত গাড়ির দীর্ঘ লাইন আসলে অযৌক্তিক উদ্বেগ থেকে তৈরি হয়েছে। জ্বালানি পাওয়া যাবে না কিংবা দাম বাড়তে পারে—এমন আশঙ্কাই এ পরিস্থিতির কারণ। তবে বাস্তবে কোনো সংকট হয়নি এবং দামও বাড়েনি।
তিনি আরও জানান, জ্বালানি বহনকারী দুটি জাহাজের একটি ইতোমধ্যে পৌঁছেছে, আরেকটি থেকে দুপুরে খালাস শুরু হবে। ১২ মার্চ আরও একটি জাহাজ আসবে। ফলে রোজা ও ঈদ নির্বিঘ্ন করতে জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহে কোনো সমস্যা হবে না।
ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে প্রতি মাসে গড়ে ১৫ হাজার টন জ্বালানি আসছে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, প্রতিবেশী হিসেবে ভারতকে অতিরিক্ত সরবরাহের অনুরোধ করা হয়েছে। অসাধু চক্র নিয়ন্ত্রণে থাকলেও সিলিং করা হয়েছে। ভবিষ্যতে দাম বাড়ানোর প্রয়োজন হলে সবার সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া হবে।
এ ছাড়া রাইড শেয়ারকারীদের সুবিধার্থে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার করে তেল সরবরাহের নতুন সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলেও জানান তিনি।



