ছবি : সংগৃহীত
মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে ঢাকা থেকে ফ্লাইট বাতিলের সংখ্যা ক্রমশ বাড়ছে। হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তিও বেড়েছে।
সবশেষ মঙ্গলবার (১০ মার্চ) মোট ৩২টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে গত ১১ দিনে বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৭-এ। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দেওয়ায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও সংশ্লিষ্ট রুটের ফ্লাইট বাতিল করতে হচ্ছে।
শাহজালাল বিমানবন্দর থেকে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি এবং আজ ৩২টি ফ্লাইট বাতিল হয়েছে।
এদিকে বিকল্প পথে কিছু ফ্লাইট পরিচালনার চেষ্টা করছে বিমানবন্দর কর্তৃপক্ষ। মাস্কাট ও সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে সীমিত পরিসরে বিমান চলাচল অব্যাহত রয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলো জানিয়েছে, আকাশসীমা পুনরায় উন্মুক্ত না হওয়া পর্যন্ত এই অনিশ্চয়তা কাটবে না। যাত্রীদের নিজ নিজ এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ রেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।



