হাদি হত্যা মামলার আসামিদের ফেরত আনার কাজ চলছে: আইজিপি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ১২:৩৫ পিএম
ছবি : সংগৃহীত
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ দুজনকে দ্রুত দেশে ফেরত আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। সোমবার (৯ মার্চ) সকালে পুলিশ হেডকোয়ার্টার্স মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “হাদি হত্যার আসামি ফয়সাল ও আলমগীরকে দেশে আনার ক্ষেত্রে কূটনৈতিকভাবে কাজ চলছে। আশা করা যাচ্ছে, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।”
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) তথ্যের ভিত্তিতে পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকা থেকে ফয়সাল করিম মাসুদ (৩৭) ও আলমগীর হোসেন (৩৪) গ্রেপ্তার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে নবনিযুক্ত আইজিপি আরও বলেন, পুলিশের দুর্নামের জন্য কিছু সদস্য দায়ী। পদোন্নতি ও পদায়নে কোনো ধরনের স্বজনপ্রীতি হবে না। তিনি জোর দিয়ে বলেন, “দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। পুলিশে সৎ ও যোগ্য লোক থাকবে, কেউ অতি উৎসাহী হবে না, ন্যায়বিচারে কাজ করবে।”
আইজিপি আলী হোসেন ফকির দায়িত্ব পাওয়ার জন্য সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করা হয়েছে। তিনি জানান, পুলিশের পক্ষ থেকে একটি সন্ত্রাসী তালিকা প্রস্তুত করা হয়েছে এবং শিগগিরই দেশব্যাপী সাঁড়াশি অভিযান শুরু হবে, যাতে সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া যায়।



