ছবি: সংগৃহীত
দেশে জ্বালানি সংকটের আশঙ্কার মধ্যে জ্বালানির মজুত বাড়ার সুখবর দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি জানিয়েছেন, রোববার (৮ মার্চ) দুপুরে দুটি জাহাজ নোঙর করার পর দেশে জ্বালানির মজুত আরও বৃদ্ধি পাবে।
জাতীয় প্রেস ক্লাবে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, “আজ বেলা ১১টার দিকে একটি জাহাজ নোঙর করেছে। দুপুরে আরও একটি জাহাজ আসার কথা রয়েছে। এই দুটি জাহাজ নোঙর করার পর দেশে জ্বালানির মজুত আরও বাড়বে।”
তবে যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপাতত রেশনিং ব্যবস্থা চালু থাকবে। মন্ত্রী বলেন, “পেট্রোল পাম্পের সামনে বিশাল লাইন দেখা যাচ্ছে। যেহেতু যুদ্ধ চলছে এবং অনেক জায়গায় শোধনাগারে হামলা হচ্ছে, তাই আমরা যে মজুত আছে সেটি সাশ্রয়ীভাবে ব্যবহার করতে বলেছি।”
তিনি আরও বলেন, “আমরা জানি না যুদ্ধ কতদিন চলবে। তাই সতর্কতার অংশ হিসেবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।”
সরকারের ওপর জ্বালানি সংকট নিয়ে সমালোচনার প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার কিছুদিনের মধ্যেই মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়েছে। এর সঙ্গে জ্বালানির বিষয়টি সরাসরি জড়িত। তিনি বলেন, “আমরা একটি ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা পেয়েছি। ঋণে জর্জরিত পরিস্থিতির মধ্যে দায়িত্ব নিতে হয়েছে। এর মধ্যেই যুদ্ধ শুরু হয়েছে। প্রতিদিন আমাকে মানুষের কাছে জবাবদিহি করতে হয়।”
জ্বালানির দাম বাড়ানো নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, “বিরোধীরা আতঙ্ক ছড়িয়েছে যে যুদ্ধের কারণে আমরা দাম বাড়াবো। কিন্তু আমরা আশ্বস্ত করছি, আপাতত জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। তাই আতঙ্কে মজুত করার প্রয়োজন নেই।”
মন্ত্রী আরও জানান, দেশে জ্বালানির সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।



