হরমুজ প্রণালি বন্ধ
বাংলাদেশের অর্থনীতিতে ‘পারফেক্ট ইকোনমিক স্টর্ম’-এর আশঙ্কা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ০৯:৪৭ পিএম
ছবি : সংগৃহীত
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’ এবং ইরানের পাল্টা হামলার পর বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যবস্থা বড় ধরনের অনিশ্চয়তায় পড়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি কার্যত অচল হয়ে পড়ায় বাংলাদেশের অর্থনীতিও বহুমুখী চাপের মুখে পড়তে যাচ্ছে।
বিশ্লেষকদের মতে, সংঘাত দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশের অর্থনীতিতে একযোগে গ্যাস সংকট, বিদ্যুৎ উৎপাদন হ্রাস, কৃষিতে সেচ ব্যাহত হওয়া, শিপিং ব্যয় বৃদ্ধি এবং রেমিট্যান্স প্রবাহে অনিশ্চয়তা তৈরি হতে পারে। এসব মিলেই এক ধরনের ‘পারফেক্ট ইকোনমিক স্টর্ম’ দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।
বর্তমানে সবচেয়ে বড় ঝুঁকি তৈরি হয়েছে গ্যাস সরবরাহ ঘিরে। দেশীয় উৎপাদন কমে যাওয়ায় বিদ্যুৎকেন্দ্র ও শিল্পকারখানার চাহিদা মেটাতে আমদানিকৃত এলএনজির ওপর নির্ভরতা বেড়েছে। কাতার ও ওমান থেকে আসা এসব কার্গো হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। যুদ্ধ পরিস্থিতির কারণে নতুন কার্গো আসা বিলম্বিত হলে দেশে গ্যাস ঘাটতি দেখা দিতে পারে, যা বিদ্যুৎ উৎপাদন ও শিল্পখাতে বড় ধাক্কা আনবে।
অপরিশোধিত তেল সরবরাহেও অনিশ্চয়তা তৈরি হয়েছে। সৌদি আরবের রাস তানুরা টার্মিনালে ড্রোন হামলার পর লোডিং কার্যক্রম স্থগিত হওয়ায় নতুন সংকট দেখা দিয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) হিসাব অনুযায়ী দেশে স্বল্পমেয়াদি মজুত থাকলেও দীর্ঘমেয়াদি সংঘাত হলে পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে।
কৃষি খাতেও বড় প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। বোরো মৌসুমে সেচের জন্য বিপুল পরিমাণ ডিজেল ও বিদ্যুৎ প্রয়োজন হয়। ডিজেল সরবরাহে বিঘ্ন বা বিদ্যুৎ সংকট দেখা দিলে সেচ কার্যক্রম ব্যাহত হতে পারে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে সারের দাম বাড়ার ঝুঁকি রয়েছে। এতে খাদ্য নিরাপত্তা ও চালের বাজারে অস্থিরতা তৈরি হতে পারে।
বাণিজ্য ও রপ্তানি খাতেও চাপ বাড়ছে। হরমুজ প্রণালি এড়িয়ে বিকল্প রুট ব্যবহার করায় শিপিং সময় ১০ থেকে ১৫ দিন পর্যন্ত বেড়ে যাচ্ছে। পাশাপাশি যুদ্ধঝুঁকির কারণে অতিরিক্ত বিমা খরচ যোগ হচ্ছে। এতে তৈরি পোশাকসহ রপ্তানিনির্ভর শিল্পে মুনাফা কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, স্বল্পমেয়াদি সংকট মোকাবিলা সম্ভব হলেও সংঘাত দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশের অর্থনীতি বহুমুখী চাপের মুখে পড়বে।



