বিদেশে কর্মসংস্থান বাড়াতে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ০৮:১৮ পিএম
ছবি : সংগৃহীত
বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে দেশে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণে গঠিত কমিটির বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান সাংবাদিকদের জানান, বেকার যুবক-যুবতীদের বিদেশে চাকরির উপযোগী করে গড়ে তুলতে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি দেশি-বিদেশি শিক্ষকদের সমন্বয়ে ভাষা শিক্ষা কেন্দ্র স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন, যাতে তরুণরা সংশ্লিষ্ট দেশের ভাষা শিখে সহজে কর্মসংস্থানের সুযোগ পেতে পারে।
প্রবাসী কর্মীদের কল্যাণে প্রধানমন্ত্রী আরও বলেন, বিদেশে যাওয়ার খরচ মেটাতে কাউকে যেন নিজের সম্পত্তি বিক্রি করতে না হয়। এজন্য স্বল্প সুদে ব্যাংক ঋণের ব্যবস্থা এবং ঋণ পাওয়ার প্রক্রিয়া সহজ করার নির্দেশ দেন তিনি।
এছাড়া দেশের বিমানবন্দরগুলোতে যাত্রীসেবার মানোন্নয়নে বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নত বিশ্বের মতো ফ্রি ওয়াই-ফাই সেবা চালুর নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ঢাকা-১৭ আসনের একটি ক্ষতিগ্রস্ত মন্দির সংস্কারের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী। মহাখালী ক্যানসার হাসপাতালের কাছে অবস্থিত ওই মন্দিরের সংস্কার কাজ আগামী শনিবার সকাল ১১টায় শুরু হবে। এ সময় ঢাকার দুই সিটির প্রশাসক আবদুস সালাম ও শফিকুল ইসলাম মিল্টন এবং প্রধানমন্ত্রীর নির্বাচন সমন্বয়কারী অধ্যাপক ফরহাদ হালিম ডোনার উপস্থিত থাকবেন।



