Logo
Logo
×

জাতীয়

ব্যক্তিগত যানবাহন ব্যবহার কমিয়ে গণপরিবহণ ব্যবহারের আহ্বান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০৯:২৯ পিএম

ব্যক্তিগত যানবাহন ব্যবহার কমিয়ে গণপরিবহণ ব্যবহারের আহ্বান

ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বিঘ্ন সৃষ্টি হয়েছে, যার প্রভাব বাংলাদেশের জ্বালানি খাতেও পড়তে পারে। এ পরিস্থিতি মোকাবেলায় বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে এক জরুরি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

সভায় জানানো হয়, সম্ভাব্য বিভিন্ন উৎস থেকে নির্ধারিত সময় ও পরিমাণে জ্বালানি সরবরাহ অনিশ্চিত হয়ে পড়েছে। ফলে দেশের অভ্যন্তরে বর্তমান চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহে সাময়িক বিঘ্ন ঘটতে পারে বা সরবরাহ সমন্বয়ের প্রয়োজন হতে পারে। এর ফলে বিদ্যুৎ ও সারের উৎপাদন কিছুটা হ্রাস পাওয়ার আশঙ্কা রয়েছে। তবে পবিত্র মাহে রমজানে জনদুর্ভোগ কমাতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের কথা জানানো হয়েছে।

পরিস্থিতি মোকাবেলায় জনগণের সহযোগিতা কামনা করেছে মন্ত্রণালয়। ব্যক্তিগত যানবাহন ব্যবহার কমিয়ে গণপরিবহণে নির্ভরতা বাড়ানোর আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে জ্বালানি সাশ্রয়ে দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্বারোপ করে অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহারের নির্দেশনা দেওয়া হয়েছে।

জরুরি নির্দেশনায় খোলাবাজারে ডিজেল ও পেট্রল বিক্রি বন্ধ রাখতে ব্যবসায়ী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তৎপর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জ্বালানি পাচার রোধে জেলা প্রশাসন, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, বৈশ্বিক পরিস্থিতির নেতিবাচক প্রভাব ন্যূনতম পর্যায়ে রাখতে সম্ভাব্য সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিভিন্ন উৎস থেকে জ্বালানি সংগ্রহ স্বাভাবিক রাখতে উদ্যোগ অব্যাহত রয়েছে। সরকারের পদক্ষেপ সফল করতে জনগণকে ধৈর্যধারণ ও সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

সভায় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব, বিপিসির চেয়ারম্যান, পিডিবির চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন