বাংলাদেশীদের ফিরিয়ে আনতে ঢাকা–চট্টগ্রাম-আবুধাবী-ঢাকা রুটে ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০৫:১৩ পিএম
ছবি : সংগৃহীত
মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে প্রবাসী বাংলাদেশীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশীদের দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে ঢাকা–চট্টগ্রাম-আবুধাবী–ঢাকা রুটে একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা।
আজ ৪ মার্চ ২০২৬, বুধবার, প্রথম ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে চট্টগ্রাম হয়ে আবুধাবীর উদ্দেশ্যে এবং চট্টগ্রাম থেকে রাত ৮টা ২০ মিনিটে উড্ডয়ন করবে। একই ফ্লাইট আবুধাবী থেকে স্থানীয় সময় রাত ১টা (৫ মার্চ) ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।
১৮৯ আসনবিশিষ্ট বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজের মাধ্যমে বিশেষ ফ্লাইটটি পরিচালিত হবে। ঢাকা/চট্টগ্রাম–আবুধাবী ফ্লাইট নম্বর: বিএস-৩৪৯ এবং আবুধাবী-ঢাকা ফ্লাইট নম্বর বিএস-৩৫০।
আবুধাবী এয়ারপোর্ট অথরিটি সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইউএস-বাংলা এয়ারলাইন্স, ইত্তেহাদ সহ কয়েকটি এয়ারলাইন্সকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি প্রদান করেছে।
এখানে উল্লেখ্য জাতীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ২৮ জন ফ্লাইট ক্রু সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন গন্তব্যে গত ২৮ ফেব্রুয়ারী,২০২৬ থেকে যুদ্ধ পরিস্থিতির জন্য আটকে আছে। দুবাই-ঢাকা বিশেষ ফ্লাইটে আজ ৪ মার্চ বিএস-৩৪২ ফ্লাইটে তাদেরকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগও নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
যেসব বাংলাদেশী যাত্রীদের ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে অথবা শিগগিরই শেষ হতে যাচ্ছে, তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে ভ্রমণের সুযোগ প্রদান করা হবে।
টিকেট বুকিং সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের যেকোনো সেলস সেন্টার অথবা নিকটস্থ ট্রাভেল এজেন্সিতে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।



