Logo
Logo
×

জাতীয়

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০৬:০৩ এএম

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ছবি : সংগৃহীত

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় দুই প্রান্তে ফেরিগুলো মাঝনদী ও ঘাটে নোঙর করে অপেক্ষা করছে। এতে যাত্রী ও যানবাহন পারাপার বন্ধ হয়ে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি) জানিয়েছে, ঘন কুয়াশায় দৃষ্টিসীমা কমে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। দৃষ্টিসীমা স্বাভাবিক হলে ফেরি চলাচল পুনরায় শুরু হবে।

পাটুরিয়া প্রান্তে ঘাট নম্বর ৩–এ বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর এবং ঘাট নম্বর ৫–এ বিএস ডা. গোলাম মাওলা ও বনলতা ফেরি নোঙর করে আছে। অন্যদিকে দৌলতদিয়া প্রান্তে ঘাট নম্বর ৩–এ বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ও ঢাকা, ঘাট নম্বর ৪–এ বাইগার, এবং ঘাট নম্বর ৭–এ কেরামত আলী, শাহ মখদুম ও হাসনাহেনা ফেরি অপেক্ষমাণ রয়েছে।

ফেরি চলাচল বন্ধ থাকায় দুই প্রান্তে পণ্যবাহী ট্রাক, দূরপাল্লার বাস ও ব্যক্তিগত গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়েছে। বিশেষ করে মাছ, সবজি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী যানবাহনের চালকরা পড়েছেন চরম ভোগান্তিতে।

বিআইডব্লিউটিসির আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. সালাম হোসেন বলেন, কুয়াশা কেটে গেলে এবং দৃষ্টিসীমা নিরাপদ পর্যায়ে এলে পর্যায়ক্রমে ফেরি চলাচল শুরু করা হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন