Logo
Logo
×

জাতীয়

দেশের সব ভূমি অফিসে সেবামূল্য প্রকাশের নির্দেশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০২ পিএম

দেশের সব ভূমি অফিসে সেবামূল্য প্রকাশের নির্দেশ

ছবি : সংগৃহীত

ভূমি সেবায় সরকার নির্ধারিত ফি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য নির্মূল করতে কঠোর অবস্থান নিয়েছে ভূমি মন্ত্রণালয়। এখন থেকে দেশের সব উপজেলা ভূমি অফিস, সার্কেল অফিস এবং ইউনিয়ন ও পৌর ভূমি অফিসের দৃশ্যমান স্থানে সেবামূল্য সংবলিত স্থায়ী সাইনবোর্ড স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভূমি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নতুন নির্দেশনার কথা জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, প্রতিটি অফিসে ৪ ফুট × ২.৫ ফুট আকারের স্থায়ী সাইনবোর্ড টাঙাতে হবে, যেখানে কোন সেবার জন্য কত টাকা ফি দিতে হবে তা স্পষ্টভাবে উল্লেখ থাকবে। এই আদেশ দ্রুত বাস্তবায়নের জন্য দেশের সব জেলা প্রশাসককে (ডিসি) প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এরই মধ্যে নির্দেশনা পাঠানো হয়েছে। এর ফলে সেবাগ্রহীতারা অফিসে ঢোকার পথেই প্রয়োজনীয় তথ্যাদি জানতে পারবেন, যা দালালি চক্রের প্রভাব কমাতে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

মন্ত্রণালয় নির্ধারিত ফির বিস্তারিত বিবরণে জানানো হয়েছে যে, ই-নামজারি বা মিউটেশনের জন্য মোট ১ হাজার ১৭০ টাকা পরিশোধ করতে হবে। এর মধ্যে কোর্ট ফি ২০ টাকা, নোটিশ জারি ফি ৫০ টাকা, রেকর্ড সংশোধন ফি ১ হাজার টাকা এবং খতিয়ান সরবরাহ ফি হিসেবে ১০০ টাকা ধরা হয়েছে। একইভাবে, খতিয়ানের সার্টিফাইড বা অনলাইন কপির জন্য ১২০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে, তবে কেউ যদি এটি ডাকযোগে পেতে চান তবে তাকে অতিরিক্ত ৪০ টাকা ডাক মাশুল দিতে হবে। এছাড়া প্রতি শিট মৌজা ম্যাপের ফি নির্ধারণ করা হয়েছে ৫৪৫ টাকা এবং ডাকযোগে নিলে অতিরিক্ত ১১০ টাকা মাশুল প্রযোজ্য হবে।

ভূমি মন্ত্রণালয় বিশেষভাবে সতর্ক করে দিয়েছে যে, সরকার নির্ধারিত এই ফির বাইরে অন্য কোনো অতিরিক্ত টাকা লেনদেনের সুযোগ নেই। স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে ভূমি উন্নয়ন করসহ সব ধরনের সেবামূল্য শুধুমাত্র অনলাইনে পরিশোধ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং কোনো প্রকার নগদ লেনদেন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। সেবা নিতে গিয়ে যদি কোনো নাগরিক অতিরিক্ত অর্থ দাবির সম্মুখীন হন বা হয়রানির শিকার হন, তবে তাৎক্ষণিকভাবে ১৬১২২ নম্বরে কল করে অভিযোগ জানানোর জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন