গুণীজনদের হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৫ পিএম
শিক্ষা, সাংবাদিকতা, চলচ্চিত্র, সংগীত, চারুকলা ও অন্যান্য ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ৯ বিশিষ্ট ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানের হাতে রাষ্ট্রীয় দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাত থেকে পদকপ্রাপ্তরা সম্মাননা গ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
পদকপ্রাপ্তরা হলেন- চলচ্চিত্রে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাশ্যুম, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার যশ এবং নৃত্যকলায় অর্থী আহমেদ। এবছর সংগীত দল হিসেবে পদক পেয়েছে ওয়ারফেজ।
নীতিমালা অনুযায়ী, প্রতিটি মনোনীত ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে চার লাখ টাকার নগদ, ৩৫ গ্রাম ওজনের স্বর্ণপদক, রেপ্লিকা এবং সম্মাননাপত্র প্রদান করা হয়। একুশে পদক ১৯৭৬ সাল থেকে ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে প্রতিষ্ঠিত হয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সরকার প্রতি বছর প্রদান করে থাকে।



