যুক্তরাষ্ট্রের শুল্ক ও বাণিজ্যচুক্তি নিয়ে পর্যালোচনায় সরকার: বাণিজ্যমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫১ পিএম
ছবি : সংগৃহীত
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ও দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি ঘিরে পরিস্থিতি এখনো ‘বিকাশমান’। এ বিষয়ে সরকার গভীরভাবে পর্যালোচনা করছে এবং বিশদ মূল্যায়নের পর পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। বৈঠকে বাণিজ্য প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, বাণিজ্যসচিব মাহবুবুর রহমানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের শুল্কসংক্রান্ত পদক্ষেপগুলো দ্রুত পরিবর্তিত হচ্ছে। সর্বোচ্চ আদালতের রায় অনুযায়ী আগের ট্যারিফ বহাল রাখা হয়নি। পরে তারা প্রথমে ১০ শতাংশ, পরে ১৫ শতাংশ ট্যারিফ ঘোষণা করেছে। তবে এ বিষয়ে এখনো সরকারি পর্যায়ে লিখিত কোনো নথি পাওয়া যায়নি। ফলে পরিস্থিতি এখনও ‘ইভলভিং সিনারিও’।
তিনি আরও জানান, বিগত সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্যচুক্তি করেছে, সেটিও এখনো পর্যালোচনায় রয়েছে। চুক্তির পক্ষে-বিপক্ষে উভয় দিকই বিবেচনা করা হচ্ছে। নন-ডিসক্লোজার এগ্রিমেন্ট থাকায় এ বিষয়ে অনাকাঙ্ক্ষিত মন্তব্য করা ঠিক হবে না বলেও উল্লেখ করেন তিনি।
বৈঠকে ব্যবসায়ীদের সঙ্গে বিভিন্ন সেক্টরের সমস্যা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী।
বর্তমান বাজারদর প্রসঙ্গে তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে থাকা আমদানি পণ্যের দাম স্বাভাবিক রয়েছে। তবে রমজানের শুরুতে একসঙ্গে বেশি কেনাকাটার কারণে কিছু সবজির দাম বেড়েছিল। যেমন লেবুর দাম ৪০-৫০ টাকা থেকে একসময় ১২০ টাকায় উঠেছিল, পরে আবার স্বাভাবিক হয়েছে।
চাঁদাবাজি প্রসঙ্গে তিনি বলেন, “চাঁদাবাজি বন্ধে এত দিন শুধু আশ্বাস দেওয়া হয়েছে। অপেক্ষা করুন, আমরা কাজ করে দেখাব।”



