সময় উপযোগী এবং আধুনিক গণমাধ্যম পরিবেশ গড়ে তুলতে চায় সরকার: তথ্যমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৪ পিএম
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সরকার সময়োপযোগী ও আধুনিক গণমাধ্যমের পরিবেশ তৈরিতে কাজ করছে। বুধবার দুপুরে সচিবালয়ে গ্রীন টেলিভিশন ও প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সিনিয়র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই সংবাদকর্মী ও নীতিনির্ধারকদের সঙ্গে মতবিনিময় চালিয়ে যাচ্ছেন। গণমাধ্যমকে জনগণের সম্পদে রূপান্তরিত করার পাশাপাশি তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার চেষ্টা চলছে। দায়িত্ব, জবাবদিহিতা ও স্বাধীনতার সমন্বয়ে একটি নতুন নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।
এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন সাংবাদিকরা। মন্ত্রীরা প্রতিদিনের বাংলাদেশ ও গ্রীন টেলিভিশনের কর্তৃপক্ষ, সাংবাদিক, কর্মচারী ও সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানান।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন যুগের চিন্তার সম্পাদক, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ও গ্রীন টিভির নির্বাহী পরিচালক মোরছালীন বাবলা, গ্রীন টিভির বার্তা প্রধান মাহমুদ হাসান, প্ল্যানিং এডিটর সাইফুল শাহীন এবং সিনিয়র সাংবাদিক ওয়াহিদুজ্জামান।



