Logo
Logo
×

জাতীয়

বইমেলায় মবের আশঙ্কা নেই, তবুও সর্বোচ্চ প্রস্তুতি: ডিএমপির অতিরিক্ত কমিশনার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৭ পিএম

বইমেলায় মবের আশঙ্কা নেই, তবুও সর্বোচ্চ প্রস্তুতি: ডিএমপির অতিরিক্ত কমিশনার

বইমেলাকে ঘিরে মবের কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার। তবে সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে সোহরাওয়ার্দী উদ্যান-এ বইমেলার নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলনে এ কথা বলেন ।

তিনি জানান, বাংলা একাডেমি প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় আয়োজিত বইমেলাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। মেলা প্রাঙ্গণে স্থাপিত পুলিশ কন্ট্রোল রুম থেকে ২৪ ঘণ্টা নিরাপত্তা মনিটরিং করা হবে। পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন থাকবে এবং একাধিক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

তিনি বলেন, বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানকেন্দ্রিক প্রবেশপথ এবং অভ্যন্তরীণ এলাকায় স্তরভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ইউনিফর্ম পুলিশের পাশাপাশি সাদা পোশাকের বিশেষ টিম কাজ করবে। ছুটির দিনে দর্শনার্থী বাড়লে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হবে। ফুট পেট্রোল, মুক্তমঞ্চকেন্দ্রিক বিশেষ নজরদারি এবং প্রবেশমুখে মেটাল ডিটেক্টর ও আর্চওয়ের মাধ্যমে তল্লাশি চালানো হবে।

তিনি আরও জানান, ধারালো অস্ত্র, বিস্ফোরক বা দাহ্য পদার্থ নিয়ে কেউ মেলায় প্রবেশ করতে পারবে না। প্রায় ৩০০ সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মেলা প্রাঙ্গণ ও আশপাশের এলাকা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হবে। ডগ স্কোয়াড দিয়ে নিয়মিত সুইপিং করা হবে। হকার, ছিনতাইকারী ও পকেটমার ঠেকাতে বিশেষ টিম মোতায়েন থাকবে। নারী ও শিশুদের জন্য আলাদা নিরাপত্তা ব্যবস্থাও রাখা হয়েছে।

নিরাপত্তার পাশাপাশি জরুরি সেবার ব্যবস্থাও থাকবে বলে জানান তিনি। মেলায় ফায়ার টেন্ডার, অ্যাম্বুলেন্স ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রস্তুত থাকবে। রাতে পর্যাপ্ত সার্চলাইট ব্যবহার করা হবে। ডিবি, সিটিটিসি, বোম্ব ডিসপোজাল ইউনিট ও সোয়াত টিম প্রস্তুত থাকবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায়। লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার, ব্রেস্ট ফিডিং সেন্টার, হেল্প ডেস্ক ও শিশু পরিচর্যা কেন্দ্রও থাকবে।

ট্রাফিক ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি জানান, বইমেলা উপলক্ষে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নির্দিষ্ট সময় ভারী যানবাহন প্রবেশ নিয়ন্ত্রণ করা হবে। দোয়েল চত্বর ও টিএসসি এলাকায় প্রয়োজন অনুযায়ী ট্রাফিক ডাইভারশন দেওয়া হবে।

মব সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত এমন কোনো আশঙ্কা নেই। গোয়েন্দা তথ্যেও নিরাপত্তা ঝুঁকির ইঙ্গিত মেলেনি। তবুও সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন