মেয়াদোত্তীর্ণ স্থানীয় সরকার প্রতিষ্ঠান থেকেই ভোট শুরু হবে: স্থানীয় সরকার মন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩০ পিএম
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, যেসব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মেয়াদ শেষ হয়ে গেছে, সেগুলো থেকেই ভোটগ্রহণ শুরু হবে। এ ক্ষেত্রে ঢাকার দুই সিটি করপোরেশনে আগে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে ছয় সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসকদের যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, যত দ্রুত সম্ভব নির্বাচনের মাধ্যমে সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে সচল করাই সরকারের প্রধান লক্ষ্য। এ জন্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনকে অগ্রাধিকার দেওয়া হবে। পর্যায়ক্রমে অন্যান্য সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি আরও জানান, স্থানীয় সরকার নির্বাচনের পুরো প্রক্রিয়া একটি চলমান ধারা। মেয়াদ শেষ হলে ইউনিয়ন, উপজেলা বা সিটি করপোরেশন—সব ক্ষেত্রেই নিয়ম অনুযায়ী ভোট হবে। দলীয় প্রতীকে নির্বাচন হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত সংসদের প্রথম অধিবেশনেই নেওয়া হবে। আগামী ১২ মার্চ বসতে যাওয়া অধিবেশনে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।
সিটি করপোরেশনগুলোতে রাজনৈতিক প্রশাসক নিয়োগের বিষয়ে মন্ত্রী বলেন, রাজনৈতিক প্রশাসকরা জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থেকে সেবা নিশ্চিত করতে পারবেন। সরকারি কর্মকর্তাদের তুলনায় তারা জনদুর্ভোগ লাঘবে বেশি কার্যকর ভূমিকা রাখতে সক্ষম।
এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকায় রাজনৈতিক প্রশাসকরা সিটি করপোরেশনে ভালো কাজ করতে পারবেন। তাই অকার্যকর স্থানীয় সরকারকে সচল করার জন্য রাজনৈতিক প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।



