Logo
Logo
×

জাতীয়

পিএসসির আরেক গাড়িচালকের বিরুদ্ধে ৩ কোটি টাকার অবৈধ সম্পদ মামলা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৮ পিএম

পিএসসির আরেক গাড়িচালকের বিরুদ্ধে ৩ কোটি টাকার অবৈধ সম্পদ মামলা

দেশের সরকারি চাকরিতে নিয়োগ পরীক্ষার সর্বোচ্চ সাংবিধানিক প্রতিষ্ঠান বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) আরেক গাড়িচালকের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সাড়ে ৩ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযুক্তের নাম মো. আতাউর রহমান।

রোববার দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।

দুদক সূত্র জানায়, প্রশ্নফাঁস, নিয়োগ-বাণিজ্য এবং নিয়োগপ্রক্রিয়ায় অনিয়মে জড়িত থাকার অভিযোগে আতাউর রহমানের বিরুদ্ধে অনুসন্ধান চালানো হয়। অনুসন্ধানে তাঁর ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেন এবং বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিপুল অঙ্কের অর্থ গ্রহণের প্রমাণ পাওয়া গেছে।

তথ্য অনুযায়ী, ২০১৪ থেকে ২০২৩ সাল পর্যন্ত সময়ে তাঁর নামে থাকা কয়েকটি ব্যাংক হিসাবে ১৮৯টি সুনির্দিষ্ট লেনদেন শনাক্ত হয়েছে। প্রতিটি লেনদেনে তিনি সর্বনিম্ন ৫০ হাজার থেকে সর্বোচ্চ ১৫ লাখ টাকা পর্যন্ত গ্রহণ করেছেন। তবে এসব অর্থের বৈধ উৎস দেখাতে পারেননি তিনি। অনুসন্ধানে ৩ কোটি ২২ লাখ ২৮ হাজার ৫৪৪ টাকা অবৈধভাবে অর্জনের প্রমাণ পাওয়া গেছে বলে দাবি দুদকের।

এজাহার সূত্রে আরও জানা যায়, শুধু ব্যাংকিং চ্যানেল নয়, মোবাইল আর্থিক সেবার মাধ্যমেও কোটি কোটি টাকার লেনদেন হয়েছে। নিজের পাশাপাশি পরিবারের সদস্য ও নিকটাত্মীয়দের হিসাব ব্যবহার করে ঘুষের অর্থ আদান-প্রদানের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

দুদকের তথ্য অনুযায়ী, অবৈধ আয়ের অর্থে রাজধানী ঢাকায় নিজের ও পরিবারের সদস্যদের নামে একাধিক ফ্ল্যাট ও প্লট এবং কয়েকটি গাড়ি কিনেছেন আতাউর রহমান।

এর আগে প্রশ্নফাঁস চক্রে জড়িত থাকার অভিযোগে পিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী-র বিরুদ্ধেও অঢেল সম্পদের তথ্য পেয়েছিল দুদক। বর্তমানে তিনি একাধিক মামলায় কারাগারে আছেন। তদন্ত সংস্থা সিআইডির তথ্য অনুযায়ী, তাঁর প্রায় ৫০ কোটি টাকার সম্পদের সন্ধান মিলেছে।

পিএসসির একটি সূত্র জানায়, আতাউরের বিরুদ্ধে চলমান অভ্যন্তরীণ তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে এবং তাঁকে চাকরিচ্যুত করা হয়েছে। তবে এ বিষয়ে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বলেন, বিষয়টি তাঁর জানা নেই; খোঁজ নিয়ে পরে জানাবেন।

দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বলেন, অনুসন্ধান কর্মকর্তার সুপারিশ আমলে নিয়ে আতাউরের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তাঁর মতে, পিএসসির মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের একজন গাড়িচালকের বিরুদ্ধে এ ধরনের দুর্নীতির অভিযোগ প্রাতিষ্ঠানিক দুর্বলতার ইঙ্গিত দেয়। দুর্নীতির বিস্তার রোধে রাজনৈতিক সদিচ্ছা, জবাবদিহি ও আইনের কার্যকর প্রয়োগ জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন