Logo
Logo
×

জাতীয়

মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারসহ দেশজুড়ে কঠোর নিরাপত্তা: র‍্যাব

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৯ পিএম

মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারসহ দেশজুড়ে কঠোর নিরাপত্তা: র‍্যাব

শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারসহ সারাদেশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক একেএম শহিদুর রহমান।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে র‍্যাবের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে তিনি এ কথা জানান।

একেএম শহিদুর রহমান বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কেন্দ্রীয়ভাবে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। শহীদ মিনার এলাকায় ইনার ও আউটার পেরিমিটার নির্ধারণ করে সদস্য মোতায়েন করা হয়েছে। পুরো এলাকাকে কয়েকটি সেক্টরে ভাগ করে প্রতিটি সেক্টরে ফুট পেট্রোল, গাড়ি টহল ও স্ট্রাইকিং রিজার্ভ রাখা হবে।

তিনি জানান, নিরাপত্তা জোরদারে বোমা ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড এবং সাদা পোশাকে গোয়েন্দা সদস্য মোতায়েন থাকবে। শহীদ মিনার এলাকায় তিন শতাধিক র‍্যাব সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি পুরো এলাকা সিসিটিভির আওতায় আনা হয়েছে।

র‍্যাব ডিজি বলেন, অতীতে ভঙ্গুর আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে দেশকে স্থিতিশীল অবস্থায় আনতে বাহিনী সফল হয়েছে এবং একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হবে।

দাবি আদায় বা আন্দোলনের নামে সাধারণ মানুষকে জিম্মি করা কিংবা জনদুর্ভোগ সৃষ্টি করার সুযোগ দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। সাধারণ মানুষের স্বাভাবিক চলাফেরা ও জীবনযাত্রা নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে কোনো সুনির্দিষ্ট নিরাপত্তা হুমকি নেই। তবে সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি রয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনার ছাড়াও সারাদেশের বিভিন্ন শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদনের স্থানগুলোতেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন