Logo
Logo
×

জাতীয়

অমর একুশে সামনে রেখে শহীদ মিনারে শেষ মুহূর্তের প্রস্তুতি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৮ পিএম

অমর একুশে সামনে রেখে শহীদ মিনারে শেষ মুহূর্তের প্রস্তুতি

আবারও ফিরে আসছে রক্তঝরা একুশে ফেব্রুয়ারি। অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এখন প্রস্তুতির ব্যস্ততা। ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে শেষ মুহূর্তের কাজ করছেন শিল্পী, শিক্ষার্থী ও কর্মীরা। পরিষ্কার-পরিচ্ছন্নতা, রং ও আলপনা আঁকায় মুখর হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা।

শুক্রবার ২০ ফেব্রুয়ারি রাত থেকেই ফুল হাতে মানুষের ঢল নামবে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হবেন মাতৃভাষার জন্য আত্মদানকারী শহীদরা।

বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি বিকেলে শহীদ মিনার এলাকা ঘুরে দেখা যায়, মূল বেদীর আলপনার কাজ প্রায় শেষ পর্যায়ে। চত্বরজুড়ে রঙের তুলির ছোঁয়া, আর আশপাশের সড়কে ব্যস্ত সময় পার করছেন বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা। লাইন টানা শেষ, এখন চলছে রঙে প্রাণ দেওয়ার পালা।

মিনার প্রাঙ্গণে ধুলোবালি সরিয়ে মূল কাঠামো ধুয়ে-মুছে নতুন রূপ দেওয়া হচ্ছে। ইতোমধ্যে মিনারের বিভিন্ন অংশে সাদা রঙের প্রলেপ পড়েছে। সংশ্লিষ্ট কর্মীরা জানান, রংয়ের কাজ শেষ হলেই মিনারের পেছনে স্থাপন করা হবে প্রতীকী লাল সূর্য, যা ভাষা আন্দোলনের আত্মত্যাগের স্মারক হয়ে প্রতি বছর নতুন করে জ্বলে ওঠে স্মৃতির আকাশে।

প্রস্তুতি নিয়ে চারুকলা অনুষদের শিক্ষার্থী মেহেরুন্নেসা ইতি বলেন, পাঁচ শতাধিক শিক্ষার্থী নিরলসভাবে কাজ করছেন। নির্ধারিত সময়ের মধ্যেই পুরো আয়োজন সম্পন্ন করতে সবাই সমন্বিতভাবে কাজ করছেন।

একই অনুষদের শিক্ষার্থী বিবেক কুমার জানান, শিক্ষক-শিক্ষার্থীরা নিজ নিজ দায়িত্ব পালন করছেন আন্তরিকতার সঙ্গে। আশা করা হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যেই সব প্রস্তুতি শেষ হবে।

শুধু মূল মিনার নয়, আশপাশের দেয়ালে বর্ণমালা লিখন ও ভাষা আন্দোলনের ইতিহাসভিত্তিক গ্রাফিতি আঁকার কাজও চলছে সমানতালে। পাশাপাশি নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও আইনশৃঙ্খলা বাহিনীর অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষ তৈরির কাজও এগোচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন