তারেক রহমানকে অভিনন্দন জানালেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৯ পিএম
ছবি : সংগৃহীত
বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি আশা প্রকাশ করেছেন, দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনে আরও গভীর ও বিস্তৃত হবে।
গত ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের কাছে পাঠানো এক চিঠিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এই শুভেচ্ছা জানান। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার ব্রিটিশ হাইকমিশন চিঠিটি প্রকাশ করে।
চিঠিতে স্টারমার উল্লেখ করেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক পারস্পরিক সহযোগিতা, জনগণের বন্ধন এবং অভিন্ন স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে। তিনি বিশ্বাস করেন, নতুন নেতৃত্বে এই দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশে অন্যতম বৃহৎ বিদেশি বিনিয়োগকারী হিসেবে যুক্তরাজ্য বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি অবৈধ অভিবাসন মোকাবিলা, জলবায়ু পরিবর্তনের প্রভাব রোধ এবং প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা জোরদারে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।
রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের মানবিক ভূমিকার প্রশংসা করে স্টারমার জানান, এ বিষয়ে যুক্তরাজ্যের সমর্থন অব্যাহত থাকবে। তিনি আশা প্রকাশ করেন, এই চিঠির মাধ্যমে দুই দেশের অংশীদারিত্বের একটি নতুন অধ্যায় শুরু হবে।



