Logo
Logo
×

জাতীয়

পাঁচ দিন পিছিয়ে ২৫ ফেব্রুয়ারি শুরু একুশে বইমেলা, স্টলভাড়া সম্পূর্ণ মওকুফ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৮ পিএম

পাঁচ দিন পিছিয়ে ২৫ ফেব্রুয়ারি শুরু একুশে বইমেলা, স্টলভাড়া সম্পূর্ণ মওকুফ

এ বছরের অমর একুশে বইমেলা ২০২৬ শুরুর তারিখে পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী পাঁচ দিন পিছিয়ে আগামী ২৫ ফেব্রুয়ারি বইমেলা শুরু হবে এবং চলবে ১৫ মার্চ পর্যন্ত। পাশাপাশি মেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টলভাড়া সম্পূর্ণ মওকুফ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গতকাল বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। এর আগে ২০ ফেব্রুয়ারি থেকে মেলা আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছিল।

সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী। উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান এবং প্রকাশক প্রতিনিধিরা।

সভায় অধ্যাপক মোহাম্মদ আজম, মহাপরিচালক, আসন্ন বইমেলা নিয়ে সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন। পরে প্রকাশকদের বিভিন্ন দাবি ও প্রস্তাব বিবেচনায় নিয়ে পরিচালনা কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।

সিদ্ধান্ত অনুযায়ী, ২৫ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত বইমেলা অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারী সব প্রকাশনা প্রতিষ্ঠানের স্টলভাড়া সম্পূর্ণ মওকুফ করা হবে। যেসব প্রকাশক এখনো স্টল বরাদ্দ নেননি, তারা ১৯ ফেব্রুয়ারি বিকেল ৩টার মধ্যে আবেদন করতে পারবেন। একই দিন সন্ধ্যা ৬টায় তাদের স্টল বরাদ্দ দেওয়া হবে।

নতুন সূচি ও আর্থিক ছাড়ের সিদ্ধান্তে প্রকাশনা জগতে স্বস্তি ফিরবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। বইয়ের উৎসব এবার কিছুটা দেরিতে শুরু হলেও প্রস্তুতির সময় বাড়ায় অংশগ্রহণকারীরা আরও সুশৃঙ্খলভাবে আয়োজন সম্পন্ন করতে পারবেন বলে মনে করা হচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন