রমজানে নতুন সময়সূচিতে মেট্রোরেল, ইফতারে বহন করা যাবে ২৫০ মিলি পানি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১০ পিএম
পবিত্র রমজান মাসের প্রথম দিন বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি থেকে রাজধানীর মেট্রোরেল চলবে নতুন সময়সূচিতে। একই সঙ্গে ইফতারের সময় যাত্রীদের জন্য আনা হয়েছে বিশেষ নির্দেশনা। ট্রেনে যাত্রাকালে সর্বোচ্চ ২৫০ মিলিলিটার পানির বোতল বহন করা যাবে, তবে প্ল্যাটফর্ম বা ট্রেনের ভেতরে অন্য কোনো খাবার গ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এর পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়, রমজান মাসে অফিস সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রথম রোজা থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত সাপ্তাহিক কর্মদিবসে সংশোধিত সময়সূচি কার্যকর থাকবে।
উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী ট্রেন: প্রথম ট্রেন ছাড়বে সকাল সাড়ে ৬টায় এবং শেষ ট্রেন রাত সাড়ে ৯টায়।
মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী ট্রেন: প্রথম ট্রেন ছাড়বে সকাল সোয়া ৭টায় এবং শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে।
উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী ট্রেনে ভোরের দিকে ২০ মিনিট ব্যবধান দিয়ে চলাচল শুরু হলেও অফিস সময়ের ব্যস্ততায় তা কমে সর্বনিম্ন সাড়ে ৫ থেকে ৬ মিনিটে নেমে আসবে। দুপুরে আবার ৮ মিনিট এবং রাতে ধাপে ধাপে ১০ থেকে ১৫ মিনিট ব্যবধান থাকবে।
অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী ট্রেনেও সকাল ও বিকেলের ব্যস্ত সময়ে ৫ থেকে ৬ মিনিট ব্যবধান রাখা হয়েছে। মধ্যাহ্নে ৮ মিনিট এবং রাতের দিকে ১০ থেকে ১৫ মিনিট ব্যবধান বজায় থাকবে।
যাত্রীরা ইফতারের জন্য সর্বোচ্চ ২৫০ মিলিলিটার পানির বোতল বহন করতে পারবেন। তবে পানি যেন কোথাও না পড়ে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। ব্যবহৃত বোতল অবশ্যই প্ল্যাটফর্ম, কনকোর্স বা প্রবেশ ও বহির্গমনের স্থানে রাখা ডাস্টবিনে ফেলতে হবে। কোনো অবস্থাতেই ট্রেন বা প্ল্যাটফর্মে অন্য খাবার খাওয়া যাবে না।
এ ছাড়া শনিবার, শুক্রবার ও অন্যান্য সরকারি ছুটির দিনের সময়সূচি অপরিবর্তিত থাকবে।



