সরকারি গাড়ি নয় নিজস্ব গাড়িতে চড়বেন প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৬ পিএম
ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি গাড়ি ব্যবহার না করে নিজস্ব গাড়িতে চলাচল করছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজের গাড়ি, চালক এবং নিজস্ব অর্থে ক্রয়করা জ্বালানি ব্যবহার করছেন। দিনের কর্মসূচিতে তিনি সাভার ও শেরে বাংলা নগরে গিয়েছিলেন নিজের টয়োটা গাড়িতে, সেখান থেকে সচিবালয়েও যান একই গাড়িতে।
রুমন জানান, যানজট ও জনভোগান্তি বিবেচনায় প্রধানমন্ত্রীর নির্দেশে গাড়িবহরের সংখ্যা কমানো হয়েছে। আগে যেখানে ১৩-১৪টি গাড়ি থাকত, এখন সেটি কমিয়ে ৪টিতে আনা হয়েছে। প্রধানমন্ত্রী পতাকাবিহীন গাড়ি ব্যবহার করছেন, তবে রাষ্ট্রীয় অনুষ্ঠান বা বিদেশি অতিথিদের সফরে গাড়িতে পতাকা থাকবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক হলে সচিবালয় থেকে মন্ত্রীদের যাতায়াতে ভিআইপি চলাচলের কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন। এছাড়া রাজধানীতে প্রধানমন্ত্রীর যাত্রাপথে সড়কের দুই পাশে পোশাকধারী পুলিশ মোতায়েনের বিধানও বন্ধ করার নির্দেশ দিয়েছেন তিনি।
বুধবার সকালে গুলশানের বাসা থেকে নিজের সাদা টয়োটা গাড়িতে চড়ে প্রধানমন্ত্রী সাভার জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তিনি সচিবালয়ে গিয়ে দিনের কর্মসূচি সম্পন্ন করেন।



