প্রবাসীদের অভিবাসন ব্যয় কমানো ও প্রতারণা বন্ধের অঙ্গীকার নুরের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২২ পিএম
ছবি : সংগৃহীত
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, বিদেশগামী কর্মীদের উচ্চ অভিবাসন ব্যয় কমানো এবং তাদের সঙ্গে প্রতারণা বন্ধ করাই হবে তার সর্বোচ্চ অগ্রাধিকার।
বুধবার সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, প্রথম লক্ষ্য থাকবে প্রতারণা বন্ধ করা, অতিরিক্ত খরচ কমানো এবং প্রবাসী শ্রমিকদের জন্য যথাযথ সুবিধা নিশ্চিত করা। সিন্ডিকেট ও অসাধু ব্যক্তিদের কারণে অনেক শ্রমিককে বিপুল অর্থ ব্যয় করতে হয়, যা বন্ধ করা জরুরি।
নুর জানান, দায়িত্ব গ্রহণের পর প্রবল দায়িত্ববোধ অনুভব করছেন। এর আগে তিনি শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। এখন ক্ষমতায় থেকে বাস্তবে সেই অধিকার কতটা নিশ্চিত করা যায়, সেটাই বড় চ্যালেঞ্জ।
তিনি আরও বলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান—দুটি জটিল খাতের দায়িত্ব তার ওপর বর্তেছে। ঈদের সময় বেতন বিলম্ব, দূতাবাসে শ্রম কল্যাণ কর্মকর্তার সংকট, বিদেশে কর্মীদের নানা ভোগান্তি এবং উচ্চ অভিবাসন ব্যয়ের মতো দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধান করাই হবে তার কাজের মূল লক্ষ্য।



