তারেক রহমানকে পাকিস্তান ও ভারতের প্রধানমন্ত্রীর সফর আমন্ত্রণ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৩ পিএম
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন শাহবাজ শরিফ। ঢাকায় সরকারি সফরে এসে পাকিস্তানের ফেডারেল পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগবিষয়ক মন্ত্রী আহসান ইকবাল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে এ আমন্ত্রণ পৌঁছে দেন। বিষয়টি পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়েছে।
পোস্টে বলা হয়, দুই দেশের মধ্যে সব ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে পারস্পরিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে। শপথ গ্রহণ অনুষ্ঠানের পর বৈঠকে আহসান ইকবাল প্রধানমন্ত্রী তারেক রহমানকে শাহবাজ শরিফের অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা দেন এবং পাকিস্তান সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।
বৈঠকে বাণিজ্য, সমুদ্র সংযোগ, শিল্প সহযোগিতা, যুব উন্নয়ন, ডিজিটাল অর্থনীতি, একাডেমিক অংশীদারত্বসহ বিভিন্ন খাতে সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। তরুণ জনসংখ্যাকে দক্ষতা, উদ্ভাবন ও উদ্যোক্তা বিনিয়োগের মাধ্যমে অর্থনৈতিক অগ্রগতির চালিকাশক্তিতে রূপান্তর করার বিষয়ে দুই পক্ষই মত দেন। পাশাপাশি সাপ্লাই চেইন একীকরণ, রপ্তানি বৃদ্ধি এবং কৃত্রিম বুদ্ধিমত্তাসহ উদীয়মান প্রযুক্তিতে সহযোগিতা সম্প্রসারণের কথাও আলোচনায় উঠে আসে।
আহসান ইকবাল ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডর’ উদ্যোগের কথা তুলে ধরেন, যা উচ্চশিক্ষা, গবেষণা, প্রযুক্তি স্থানান্তর ও শিক্ষার্থী বিনিময়কে উৎসাহিত করবে। একই সঙ্গে আল্লামা ইকবাল-এর ১৫০তম জন্মবার্ষিকী উদ্যাপনসহ সাংস্কৃতিক সহযোগিতা জোরদারের প্রস্তাবও দেওয়া হয়।
বৈঠকের শেষে আঞ্চলিক যোগাযোগ শক্তিশালী করা এবং দক্ষিণ এশিয়ায় ভূ-অর্থনৈতিক সহযোগিতা এগিয়ে নেওয়ার যৌথ সংকল্প ব্যক্ত করা হয়।
এর আগে এক আনুষ্ঠানিক চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানান। চিঠিতে তিনি জাতীয় নির্বাচনে বিজয় ও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানিয়ে দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্ব, সাংস্কৃতিক বন্ধন ও উন্নয়ন অগ্রাধিকারের মিলের কথা উল্লেখ করেন।
মোদি যোগাযোগ, বাণিজ্য, প্রযুক্তি, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, জ্বালানি ও স্বাস্থ্যসেবাসহ বহুমাত্রিক সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, ডা. জুবাইদা রহমান ও তাদের কন্যা জাইমাকে সুবিধাজনক সময়ে ভারত সফরের আমন্ত্রণ জানান এবং উষ্ণ অভ্যর্থনার আশ্বাস দেন।



