Logo
Logo
×

জাতীয়

বাংলাদেশের নাগরিকরা রাষ্ট্রব্যবস্থায় পরিবর্তন চায় : আলী রীয়াজ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ পিএম

বাংলাদেশের নাগরিকরা রাষ্ট্রব্যবস্থায় পরিবর্তন চায় : আলী রীয়াজ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, বাংলাদেশের নাগরিকরা অত্যন্ত সুস্পষ্ট ও দ্বিধাহীনভাবে জুলাই জাতীয় সনদের সংবিধান সংস্কার প্রস্তাবগুলোর পক্ষে রায় দিয়েছেন। এই ফলাফল প্রমাণ করে যে দেশের বৃহদাংশ জনগণ পুরোনো ব্যবস্থায় ফিরে যেতে বা স্থিতাবস্থা বজায় রাখতে চান না; তারা রাষ্ট্রব্যবস্থায় পরিবর্তন ও সংস্কার প্রত্যাশা করেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

অধ্যাপক আলী রীয়াজ জানান, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠ ভোটার ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন। নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী, গণভোটে অংশ নেন ৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩ জন ভোটার, যা মোট ভোটারের প্রায় ৬০ দশমিক ৮৪ শতাংশ। এর মধ্যে ৪ কোটি ৮২ লাখ ৬৬০ জন ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন, যা কাস্ট হওয়া ভোটের ৬৮ দশমিক ০৬ শতাংশ। ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬টি, যা প্রায় ৩১ শতাংশ।

তিনি উল্লেখ করেন, ভোটারদের ৬০ শতাংশেরও বেশি অংশগ্রহণ করেছেন, যা জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় এক শতাংশ বেশি।

আলী রীয়াজ আরও বলেন, গণভোটের আগে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেছিলেন, জাতীয় রূপান্তর কখনো একক সিদ্ধান্ত বা একক শাসনের মাধ্যমে সম্ভব নয়। জনগণই রাষ্ট্রের প্রকৃত শক্তি, আর পরিবর্তনের বৈধতা আসে জনগণের সম্মতি থেকে। সেই বিশ্বাস থেকেই জনগণকে সরাসরি সিদ্ধান্ত দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।

তিনি বলেন, গণভোটের এই রায়কে শুধু সংখ্যার বিচারে দেখলে চলবে না। ২০২৪ সালের আগস্টের গণঅভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন, আহত হয়েছেন বা সাহসিকতার সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছেন, তাদের আত্মত্যাগের ধারাবাহিকতায় জনগণ সংস্কারের পক্ষে যে রায় দিয়েছেন, তা একটি ঐতিহাসিক দায়বদ্ধতার স্বীকৃতি।

এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন