তারেক রহমানকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩০ এএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
অভিনন্দন বার্তায় তিনি বলেন, আপনার নেতৃত্বে দলটির এই সুস্পষ্ট বিজয় দেশের গণতান্ত্রিক উত্তরণের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। জনগণের এই রায় সাংবিধানিক ধারাবাহিকতা ও প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতাকে আরও সুদৃঢ় করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
রাষ্ট্র পরিচালনার গুরুদায়িত্ব পালনে তারেক রহমানের প্রজ্ঞা, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনকল্যাণমুখী দৃষ্টিভঙ্গির প্রতি আস্থা রেখে প্রধান উপদেষ্টা বলেন, তার নেতৃত্বে দেশ একটি স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও উন্নয়নমুখী পথে এগিয়ে যাবে।
বার্তায় তিনি স্মরণ করেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর রাষ্ট্রদর্শন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর আপসহীন নেতৃত্ব ও গণতন্ত্রের প্রতি অঙ্গীকারের কথা। তাদের আদর্শ ভবিষ্যৎ পথচলায় দিকনির্দেশনা দেবে বলেও উল্লেখ করেন তিনি।
প্রফেসর ইউনূস বলেন, বাংলাদেশ বর্তমানে বৈশ্বিক পরিমণ্ডলে নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে রয়েছে। অর্থনৈতিক রূপান্তর, প্রযুক্তিগত অগ্রগতি, জলবায়ু সহনশীলতা, মানবসম্পদ উন্নয়ন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক কূটনীতিতে সক্রিয় অংশগ্রহণের ক্ষেত্রে সমন্বিত প্রজ্ঞা ও দক্ষ নেতৃত্ব অপরিহার্য। তিনি আশা করেন, নতুন সরকারের অধীনে জাতীয় ঐক্য আরও মজবুত হবে এবং আইনের শাসন ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা শক্তিশালী হবে।
অন্তর্বর্তীকালীন সরকারের সময়কার সহযোগিতা ও গঠনমূলক ভূমিকার জন্য তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, পরিবর্তনের এই সংবেদনশীল সময়ে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা এবং সাংবিধানিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল থাকার ক্ষেত্রে তার ইতিবাচক ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল।
পরিশেষে দেশের মানুষের কল্যাণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে তার সব উদ্যোগের সাফল্য কামনা করেন প্রফেসর ইউনূস। তিনি দোয়া করেন, মহান আল্লাহ তাকে দেশ ও জাতির সেবায় প্রজ্ঞা, ধৈর্য ও দৃঢ়তা দান করুন।



