Logo
Logo
×

জাতীয়

ঈদের উৎসবের মতোই স্বতঃস্ফূর্ত নির্বাচন হয়েছে : ইসি সানাউল্লাহ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৪ এএম

ঈদের উৎসবের মতোই স্বতঃস্ফূর্ত নির্বাচন হয়েছে : ইসি সানাউল্লাহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের মানুষ ঈদ উৎসবের মতো উৎসাহ ও স্বতঃস্ফূর্ততায় ভোট দিয়েছেন বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) সানাউল্লাহ। তিনি বলেন, সব আশঙ্কা ও শঙ্কা কাটিয়ে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে এবং জাতি হিসেবে বাংলাদেশ বিজয়ী হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৫০ মিনিটে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আনুষ্ঠানিক ফল ঘোষণার সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসি সানাউল্লাহ বলেন, ১৩ ফেব্রুয়ারির সকালটি বাংলাদেশের ইতিহাসে একটি ‘শুভ সকাল’ হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। গণতান্ত্রিক নবযাত্রায় এ নির্বাচন জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। নির্বাচন কমিশনের একমাত্র অঙ্গীকার ছিল নির্মোহভাবে আইন প্রয়োগ করে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া। সেই লক্ষ্য পূরণে শতভাগ চেষ্টা করা হয়েছে। কোনো ত্রুটি-বিচ্যুতি হয়ে থাকলে তা অনিচ্ছাকৃত বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, এই নির্বাচন শুধু একটি সাংবিধানিক দায়িত্ব নয়, বরং একটি পবিত্র আমানত হিসেবে কমিশন তা গ্রহণ করেছিল। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সব ধরনের শঙ্কা দূর হয়েছে এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা আরও দৃঢ় হয়েছে।

নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত দেশি-বিদেশি সাংবাদিক, পর্যবেক্ষক, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং বিএনসিসির শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

সমাপনী বক্তব্যে ইসি সানাউল্লাহ আশা প্রকাশ করেন, বাংলাদেশের গণতন্ত্র যেন কখনো নির্ধারিত পথ থেকে বিচ্যুত না হয় এবং ভবিষ্যতে আরও উন্নত ও গ্রহণযোগ্য নির্বাচনের দৃষ্টান্ত স্থাপিত হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন